নাটোরের লালপুর উপজেলা সাব রেজিস্টার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে অফিসের জানালার কাঁচ ভেঙে পেট্রোল ছুড়ে আগুন দেয়া হয়। এ সময় আগুন নিভাতে গিয়ে মনোরঞ্জন নামে একজন মোহরার আহত হয়েছেন।
উপজেলা সাব রেজিস্টার শামসুজ্জামান জানান, রাত আটটার দিকে অফিস কক্ষে নৈশ প্রহরী আমজাদ হোসেন ছাড়াও দুইজন মোহরার মনোরঞ্জন সরকার ও আব্দুল বারী অবস্থান করছিলেন। জানালার কাঁচ ভাঙ্গার শব্দে তারা চিৎকার শুরু করেন। মুহূর্তেই দুর্বৃত্তরা পেট্রোল ছুড়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তৎক্ষণাৎ তারা আগুন নেভানোর চেষ্টা করেন। এবং লালপুর দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। আগুনে তেমন কোন ক্ষতি না হলেও অফিস কক্ষে থাকা কিছু দলিল পত্রের সামান্য অংশ পুড়ে গেছে।
সাব রেজিস্টার আরো জানান, দলিলগুলো ভূমি মালিকদের মধ্যে বিতরণের জন্য অফিসে সাজিয়ে রাখা ছিল।