‘যা নাই বাকি জগতে তা আছে ফেসবুকে’। ফেসবুকে ঝগড়া, ফেসবুকে প্রেম, ফেসবুকে চাকরি সবটাই স্বাচ্ছন্দে করতে পারেন দৃষ্টিসম্পন্ন মানুষরা। নতুন খবর হল, দৃষ্টিহীনরাও এখন থেকে দৃষ্টিসম্পন্ন মানুষদের মতো ফেসবুকে পোস্ট করা ছবি দেখতে পাবেন।
আগামী বৃহস্পতিবার ফেসবুকে নতুন এই ফিচার যোগ হতে চলেছে। প্রাথমিকভাবে আইওএস প্লাটফর্মের জন্য ফিচারটি চালু করা হচ্ছে। সূত্র- দ্যা ভার্জ, ভেঞ্চারবিট ও বিবিসি।
নতুন এই ফিচারের সাহায্যে ফেসবুকের ছবির বর্ণনা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে, যা দিয়ে একজন দৃষ্টিহীন মানুষ ওই ছবির যাবতীয় কিছু শুনবেন ও বুঝবেন।
ভেঞ্চারবিট এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যে ছবি পোস্ট করবে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবরণ শোনানো হবে ব্যবহারকারীকে। যাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী না দেখেও ছবি সম্পর্কে ধারণা করতে পারেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই ফিচার চালুর পুরো বিষয়টি তদারক করছেন ফেসবুকের অ্যাক্সেসিবিলিটি টিমের প্রধান জেফ উইল্যান্ড। আর এই ফিচার তৈরির তদারকি করেছেন ম্যাট কিং, যিনি ফেসবুকের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী প্রকৌশলী।
ধরা যাক, ফেসবুকে তিনজন মানুষের ছবি দেয়া আছে। ছবিটিতে দেখা যাচ্ছে তারা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফেসবুকের ফিচারটি ছবিটি থেকে পড়ে শোনাবে, ‘তিনজন মানুষ, সমুদ্র সৈকত, হাসছে’। তখন দৃষ্টি প্রতিবন্ধী তাদের মনের চোখ দিয়ে ঐ ছবিটির একটি চিত্রকল্প তৈরি করতে পারবেন।