নাটোরের বাগাতিপাড়ায় আইসক্রিম ফ্যাক্টারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতর।
মঙ্গলবার দুপুরে উপজেলার জিগরী বাজারের উজ্জল আইসক্রিম ফ্যাক্টারিতে এই জরিমানা আদায় করা হয়। র্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি অলোক বিশ্বাস ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিগরী বাজারের উজ্জল আইসক্রিম ফ্যাক্টারিতে অভিযান চালায় র্যাব। এ সময় ফ্যাক্টারিতে ভেজাল ও নিন্মমানের আইসক্রিম তৈরি ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ফ্যাক্টারি থেকে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করা হয়। ভেজাল আইসক্রিম তৈরির দায়ে প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফ্যাক্টারি থেকে জব্দ করা মালামালগুলো ধ্বংস করা হয়।