ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস থেকে নয়টি সোনার বারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ডে এস পি গোল্ডেন লাইন বাস তল্লাশি চালিয়ে সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ থানা এলাকার নির্মল হাওলাদারের ছেলে দীপংকর হাওলাদার (২২) ও পটুয়াখালীর গলাচিপা থানা এলাকার মৃত সুকুমার মণ্ডলের ছেলে বাদল মণ্ডল (২৫)।
ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজ জানান, গোপন খবর পেয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। পরে সাতক্ষীরাগামী এস পি গোল্ডেন লাইন বাসে তল্লাশির সময় দুই যুবকের কাছে নয়টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর ওজন এক কেজি ৪৮ গ্রাম, যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানান তিনি।