এল-ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের হারে থামে বার্সার ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। সেই ক্ষত না শুকাতেই দলটির সামনে কড়া নাড়ছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।
লিগে মেসি-নেইমারদের ঠিক পেছনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেই খেলতে হবে তাদের। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় দিয়েগো সিমিওন শিষ্যদের ক্যাম্প ন্যু’তে আতিথিয়েতা জানাবে বার্সা।
লিগের খেলায় বার্সা জিদান ছাত্রদের কাছে হারলেও নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয় পায় অ্যাতলেটিকো। তাই এ ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস থাকছে দলটির সামনে। লিগে বার্সা থেকে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে রয়েছে রোজি ব্ল্যাঙ্কসরা।
এদিকে এ ম্যাচের আগে আবারও মাইলফলকের সামনে আর্জেন্টাইন অধিনায়ক মেসি। নিজের ক্যারিয়ারের ৫০০তম গোলের জন্য অপেক্ষা করছেন এ ক্ষুদে জাদুকর। হয়ত এ ম্যাচেই সে রকম কিছু করে দেখাতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।