চার ম্যাচ নিষিদ্ধ হিগুয়েন

রেফারির সঙ্গে বাক-বিতন্ডার দায়ে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। ইতালিয়ান সিরি আ’তে উদিনেসের মাঠে ৩-১ গোলে হারের রাতে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোয় ম্যাচ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নাপোলি স্ট্রাইকার।
 
এর জের ধরেই তার ওপর কঠোর শাস্তি আরোপ করলো ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতি নাপোলির লিগ শিরোপার স্বপ্নেও বড় এক আঘাত বয়ে আনল। কারণ সামনের চার ম্যাচের মধ্যে রয়েছে ইন্টার ও রোমার ম্যাচও। হিগুয়েন চলতি মৌসুমে সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা।
 
পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৭৩। মৌসুম শেষ হতে আর মাত্র ৭টি করে ম্যাচ বাকি।