আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, 'আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মতো বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশের নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন।'
বেগম খালেদা জিয়াকে লেডি লাদেন হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, 'বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে বসে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার ধ্বংস করে আর বেগম খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে বসে পেট্রোল বোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছেন।'
বেগম মতিয়া চৌধুরী মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এই সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মণি এমপি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।
উক্ত অালোচনা সভায় বেগম মতিয়া চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর দলীয় নেতা-কর্মীরা রাজপথে নেমেছে। তার মুক্তির জন্য সাতদিনের মধ্যে ২৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেছে। কারণ, শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন বলেই নিজের জীবনকে তুচ্ছ করে সেদিন তারা রাজপথে নেমে এসেছিল।'