বকেয়া বেতন প্রদানসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনার ৭টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত।
নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে এলাকার সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন।