ছবির প্রচারণার কাজেই এবারে প্রেমকাহিনি টু-এর অডিও প্রকাশনা আয়োজন করলো ছবির প্রযোজকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নির্মাতা আমজাদ হোসেন, নির্মাতা ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিত্, গীতিকার কবীর বকুল, ছবির সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, অভিনয়শিল্পীদের মধ্যে জয়া আহসান, ওমর সানী, ইমন, শহিদুল আলম সাচ্চু, মৌসুমী হামিদ প্রমুখ।
তবে এই ছবিতে চন্দন সিনহার একটি গান এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এবারের প্রেম কাহিনিতে রয়েছে ক্রিকেটের আবহ। সাফি উদ্দিন সাফির পরিচালনায় রুম্মান রশীদ খান এবারও ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। আর নতুন প্রেম কাহিনিতে শাকিব খান তার অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে এবারও আছেন জয়া আহসান। জয়া অভিনয় করেছেন সেরা মডেল চরিত্রে। জয়ার বিপরীতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইমন। ইমনের সঙ্গে এটিই জয়ার প্রথম ছবি।
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু চলচ্চিত্রটি নিয়ে জয়া বলেন, ‘আমি প্রত্যাশা করছি এই ছবিটি আগের সিক্যুয়েলকেও ছাড়িয়ে যাবে।’
তবে জয়া তার এই দ্বিতীয় সিক্যুয়েলে অনেকখানি ম্যাচিউরডভাবেই নিজেকে উপস্থাপন করেছেন, এমনটাই প্রত্যাশা সবার। কারণ দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে জয়া আহসানের এই দ্বিতীয় চলচ্চিত্র তার চলচ্চিত্রের ক্যারিয়ারকে আরও মজবুত করবে বলে সকলের ধারণা।
তবে ছবিটির ডিস্ট্রিবিউশন নিয়ে এরই ভেতরে ক্ষোভ প্রকাশ করেছেন ছবির কলাকুশলীরা। চলচ্চিত্রের এই মহামন্দায় এক শ্রেণির প্রজেকশন ব্যবসায়ী তাদের মনোপলি বাণিজ্যের কারণে ছবিটির ডিস্ট্রিবিউশন পরিপূর্ণভাবে করতে পারছেন না বলে জানান প্রযোজকদের একজন।
পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু ছবির অন্যতম বড় চমক এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও সংবাদ ব্যক্তিত্ব জ.ই মামুনকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল।