কুমিল্লার আদালতে রুহুল কবির রিজভী

 
গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোরে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় ঘটনাস্থলে বাসের সাতজন ও পরে একজনসহ ৮ যাত্রী নিহতের মামলায় কুমিল্লার আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার সকাল ১০টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার আবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভী আহমেদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত। 
 
অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার হতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা মামলায় রুহুল কবির রিজভী আহমেদকে হুকুমের আসামিভূক্ত করা হয়। এ মামলায় আদালতে হাজির হতে তিনি এসেছেন। 
 
সূত্র জানায়, এ ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে মঙ্গলবার দিবাগত গভীর রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এ মামলার বাদী চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান।