বিহারে অ্যালকোহল বিক্রি ও সেবনে নিষেধাজ্ঞা

অ্যালকোহল বিক্রি এবং সেবনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহার। রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এর আগে ঘোষণা দিয়েছিলেন যে ছয় মাসের মধ্যে পুরো রাজ্যে অ্যালকোহলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। 
 
তবে তার আগেই বিহারে নিষিদ্ধ করা হলো অ্যালকোহল। নিতিশ জানান, বিহারের সামাজিক পরিবর্তনের এটাই সঠিক সময়। গত বছর ভারতের বিধানসভা নির্বাচনে নিতিশ কুমারের দেয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে অ্যালকোহল নিষিদ্ধের প্রতিশ্রুতিও রয়েছে। 
 
এ বিষয়ে তিনি বলেন, ‘তরল নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ করার প্রথম চারদিনেই এটা সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। তাই আমি মনে করি বিহারের সামাজিক পরিবর্তনের এটাই সঠিক সময়।’ 
 
বিহারের সব রাজনৈতিক দলই সমর্থন করেছে নিতিশের এই পদক্ষেপ। এর আগে বিহারের বিধানসভার ২৪৩ সদস্যের সবাই অ্যালকোহল থেকে নিজেদের দূরে রাখার শপথ নিয়েছিলেন। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই নিষেধাজ্ঞার কারণে প্রতি বছর ৫০ বিলিয়ন রূপি কর হারাতে হবে ভারতের পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি বিহারকে। 
 
উল্লেখ্য, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এর আগে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাসহ আরো কিছু রাজ্যে অ্যালকোহলের ওপর আংশিক নিষেধাজ্ঞা রয়েছে।