বাঁশ ঝাড় নিয়ে সংঘর্ষে উল্লাপাড়ায় কৃষক নিহত

 
উল্লাপাড়ার চরসাতবাড়িয়া গ্রামে বাঁশ ঝাড়ের মালিকানা নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে সৃষ্ট সংঘর্ষে গুরুতর আহত শাহজাহান আলী আকন্দ (৬৫) নামের এক কৃষক বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শাহজাহান বদর আকন্দের ছেলে। গত ৪ এপ্রিল এই সংঘর্ষ ঘটে।
 
উল্লাপাড়া থানা পুলিশ ও চরসাতবাড়িয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, শাহজাহান আলী ও কোবাদ আলীর লোকজনের মধ্যে ঘটনার দিন সৃষ্ট সংঘর্ষে কোবাদ আলীর ভাই শাহজাহান গুরুতর আহত হয়। তাকে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এ ব্যাপারে নিহত শাহজাহানের ভাতিজি লাকী আক্তার বাদী হয়ে বুধবার উল্লাপাড়া থানায় কোবাদ আলী ও ৩ স্বজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।