রাবির তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে পেটানোর দায়ে তিন ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় রাবি শাখা ছাত্রলীগের  নেতাকর্মীরা।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, রাবির মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মো. সালেহ প্রমুখ।
 
দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, "রাবি প্রশাসন ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার বিচার করতে পারেনি, শিক্ষক ইউনুস হত্যার সঙ্গে জড়িত শিবিরের নেতাকর্মীদের শাস্তি হয়নি। অথচ যারা সবসময় বিশ্ববিদ্যালয়ের ভালো কাজের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রলীগ নেতাদের 'সামান্য ভুলের' কারণে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়। আমরা স্বীকার করছি তারা ভুল করেছে। কিন্তু লঘু অপরাধের জন্য রাবি প্রশাসন গুরু শাস্তি দিতে পারেন না।"
 
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ আগস্ট টেন্ডার নিয়ে দ্বন্দে ক্ষুব্ধ হয়ে উপাচার্য দফতরের অপেক্ষামান কক্ষে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে মারধর করে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহসভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ। এর দুদিন পর উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিশেষ ক্ষমতাবলে জড়িত তিনজনকে সাময়িক বহিস্কার করে তদন্তের নির্দেশ দেন।
 
এরপর চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। এর ওপর ভিত্তি করে অপরাধ প্রমাণিত হওয়ায় গত ২৯ মার্চ সিন্ডিকেট সভায় তাদেরকে স্থায়ী বহিস্কার করা হয়।