যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামরায় আটজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তারা জামিন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১০টার দিকে তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার দরখাস্ত দাখিল করেন।
গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার হতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা মামলায় রুহুল কবির রিজভী আহমেদকে হুকুমের আসামিভুক্ত করা হয়।
রুহুল কবির রিজভী আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, এ মামলায় তিনি (রিজভী) উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার তিনি কুমিল্লার ৫নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে জামিনসহ এই মামলার পরবর্তী ধার্য তারিখগুলোতে ব্যাক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা হরতাল অবরোধ চলাকালে বাসে পেট্রোল বোমা হামলা ও হতাহতের এই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, রুহুল কবির রিজভী আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতাকে হুকুমের আসামিভুক্ত করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।