নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিতে ৪০০ প্যাকেট খাবার

 
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর ও দক্ষিণ ভরাট গ্রামের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের প্রার্থী মনোনয়ন ফরম জমা দিতে সংগে নিয়ে এসেছিলেন ৪০০ প্যাকেট খাবার।
 
ভরাট গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল লতিফ মনোনয়ন ফরম জমা দিতে সাথে নিয়ে এসেছিলেন প্রায় ৪ শ প্যাকেট খাবার। তার মুখ থেকে জানা গেল তার সাথে আজকে ৪০০ জন কর্মী সর্মথককেও নিয়ে এসেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন করতে কত ট্যাকা (টাকা) খরচ হবে? আমার ছেলে বিদেশ থাকে।
 
নির্বাচন অফিসের সামনে স্যালোইঞ্জিন চালিত আলগামনে প্যাকেট খাবার দেখে উৎসুক হয়ে উঠে অন্যান্য প্রার্থীর কর্মী সমর্থকরা।
 
এটা নির্বাচনী অচরণ বিধি লঙঘন হয়েছে এমন কথা বললে প্রার্থী আব্দুল লতিফ সহসায় বললেন আমার নেতা কর্মীরা খাবেনা ? তিনি আরো জানালেন, আমি ওই সব আচরণ বিধি ফিদি বুঝি না। এসময় শুধু প্রার্থীর কর্মী সমর্থকরাই নয়, দায়িত্বরত পুলিশরাও অবাক দৃষ্টিতে চেয়েছিলেন।
 
এ ছাড়াও সাহারবাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান সদস্য শাহাবুদ্দীন, ধানখোলা ইউনিয়নের২ নং ওয়ার্ডের যুগিন্দা গ্রামের জাফর আলী, বামুন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আশাদুল বিশ্বাস, সাহারবাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাহারবাটি গ্রামের আকালী হোসেন, ষোলটাকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য বানিয়াপুকুর গ্রামের সদস্য প্রার্থী আলী হোসেন, ধানখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ঢ্যাপা গ্রামের সদস্য প্রার্থী কফেল উদ্দীন মটরসাইকেল, আলমসাধু, করিমনসহ শো ডাউন করে মনোনয়ন ফরম জমাদান করেন। এ সময় তারা খাবারের প্যাকেটও সরবরাহ করেন।