ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় সাও (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পৌরশহরের দেবগ্রামের মো. জিকু (২৮) ও তার স্ত্রী রূপালি (২২)।
মঙ্গলবার রাতে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ভারতের বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা বিজয় সাও পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় কান ছিদ্র করার (কান বিঁধানো) কাজ করেন। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে রাতে বাসস্থানে ফেরার পথে পৌর শহরের সড়ক বাজার এলাকায় দুই যুবক তার পথরোধ করে তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসায় ওই যুবকরা তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিজয় সাও জানান, তিনি ভিসা নিয়ে বাংলাদেশে এসে কান বিঁধানোর কাজ করেন। গত আট দিন আগে তিনি বাংলাদেশে এসেছেন। তার কাছ থেকে ভারতীয় ৪ হাজার রুপি ছিনিয়ে নিয়েছে।