উলিপুরে ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নুরুজ্জামান (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।
 
বুধবার সকালে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চর মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪ নারীকে আটক করেছে।
 
জানা গেছে, ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে  নুরুজ্জামানের সঙ্গে জাবেদ আলীর ছেলে আজিতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নুরুজ্জামানের পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ৫ একর জমিতে এ বছর আজিত জোর ধান রোপন করে জমি দখলে নেয়। এদিকে জমির ধান পাঁকায় তা আজিত কাঁটা শুরু করলে গত মঙ্গলবার নূরুজ্জামান ও তার বড় ভাই নুরু ওই জমিতে গিয়ে ধানের ভাগ দাবি করে। এ সময় আজিত তার লোকজন নিয়ে তাদের মারপিট করে জমি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয় লোকজনদের জানালে তারা ওইদিন রাতেই উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসার কথা থাকলেও তা আজিতের অসহযোগিতায় হয়নি। সকাল সাড়ে ৯টার দিকে আজিত তার লোকজন নিয়ে নূরুজ্জামনের বাড়িতে হামলা চালায়। এ সময় চাচাতো ভাইয়ের ছুরির আঘাতে নূরুজ্জামানের গলার শ্বাসনালি কেটে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে উলিপুর থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছামেনা বেগম (৪৫), রাবেয়া বেগম (৩৫), ছকিনা (৪৫) ও রহিমা বেগমকে (৪০) আটক করে।
 
উলিপুর থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্ল্যাহ আল সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।