চলতি মৌসুম শেষ হচ্ছে বায়ার্ন মিউনিখের সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক। তবে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর আগে দারুণ এক কীর্তি গড়লেনন গার্দিওলা। তার আগে মাত্র চারজন কোচ মাইলফলকটিতে পা রাখেন।
জার্মান চ্যাম্পিয়নদের হয়ে নিজের শেষ মৌসুমে শিরোপা জিততে মরিয়া পেপ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিগের ইতিহাসে কোচ হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন গার্দিওলা।
চ্যাম্পিয়ন্স লিগে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করতে খুব একটা সময় নেননি গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র অষ্টম মৌসুমেই ২০০ গোলের মাইলফলক গড়েন তিনি। অর্থাৎ প্রতি মৌসুমে গার্দিওলার দল গড়ে ২৫টির বেশি গোল করে।
কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের তালিকায় গার্দিওলা রয়েছেন পঞ্চম স্থানে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী কোচ অ্যালেক্স ফার্গুসন সর্বোচ্চ ৩২০ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন। এরপরের তালিকাগুলোতে রয়েছেন যথাক্রমে আর্সেন ওয়েঙ্গার (২৭০), কার্লো আনচেলত্তি (২৪১) ও হোসে মরিনহো (২৩৪)।