সখীপুরে স্কুলছাত্র খুন, গ্রেফতার দুই

টাঙ্গাইলের সখীপুরে আতিক হাসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার দেওপাড়া জঙ্গল থেকে ওই স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আতিক হাসান সখীপুর উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে কুতুবপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে।  এ ব্যাপারে নিহত আতিকের মা আয়েশা বেগম ঘাটাইল থানায় হত্যা মামলা করেছেন।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্কুলছাত্র আতিক হাসান গত শনিবার সকালে বই-খাতা নিয়ে বিদ্যালয় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। তাকে খুঁজে না পেয়ে তার মা আয়শা বেগম সোমবার সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ মঙ্গলবার নিখোঁজ আতিককে উদ্ধারে ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে রাসেল (১৮) ও আবদুল গণি মিয়ার ছেলে ওয়াসিমকে (১৫) সন্দেহভাজন হিসেবে আটক করে।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আতিকের বন্ধুদের মধ্যে মোবাইল ফোনের ভিডিও ক্লিপ নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই বন্ধুরা শ্বাসরোধ ও গলাকেটে আতিককে হত্যা করে। গ্রেফতারকৃতদের  তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ঘাটাইলের দেওপাড়া এলাকার শালবন  থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।