কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

কুমিল্লা মহানগরীর মনোহরপুর কৃষি ব্যাংকের শাখা থেকে গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের তৎকালীন পরিদর্শক (পরে স্বেচ্ছায় অবসরে যাওয়া) আবু ছালেহ মাহমুদকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
 
বুধবার বিকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল তাকে নগরীর উজিরদিঘীরপাড়স্থ বাসা থেকে গ্রেফতার করে।
 
দুদক-কুমিল্লার উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে কম্পিউটারে টান্সফার করে প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাত করে আবু ছালেহ মাহমুদ। এ ঘটনায় গত বছরের ২ জুলাই তৎকালীন উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ বাদী হয়ে আবু ছালেহ মাহমুদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। বিকাল ৪টায়  গ্রেফতারকৃত আবু ছালেহ মাহমুদকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল।