মাদকাসক্ত শিক্ষার্থীর দায় নিতে হবে শিক্ষককে: নাহিদ

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যদি কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়, তাহলে এর দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের নিতে হবে।’
 
বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।
 
শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী যদি মাদকাসক্ত হয়, তাহলে খোঁজ নিয়ে দেখা হবে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ ব্যাপারে সেই শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানের হবে সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের দায়ী করা হবে। কারণ, একজন শিক্ষার্থী যে স্কুলে পড়াশুনা করে সে সেই স্কুলের শিক্ষকদের সঙ্গে সময় কাটায়, তাদের কথা শুনে থাকে।
 
তিনি বলেন, শুধু ভাল শিক্ষা দিলেই হবে না। শিক্ষার্থীরা কোথায় গেল, কী করল, তার খোঁজখবর রাখতে হবে এবং তাদেরকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভাল পড়ালে হবে না, ভাল মানুষ করার দায়িত্বও শিক্ষকদের।