পাপনের দ্বারস্থ `বাঁচাও ফুটবলের' নেতারা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে ‘বাঁচাও ফুটবল’ নামের জোটের এর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করছেন। বুধবার তারা বোর্ড সভাপতিকে তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আবেদন জানিয়েছেন।
 
এসময় উপস্থিত ছিলেন ‘বাঁচাও ফুটবল’-এর সদস্য সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার, কায়সার হামিদ, জাকারিয়া পিন্টু, কোচ শফিকুল ইসলাম মানিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হেসেন ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্সসহ অন্যান্য ফুটবল সংগঠক খেলোয়াড়রা।
 
বর্তমানে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এসময় গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিসিবি সভাপতির কাছে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নানা দুর্নীতি সম্পর্কে একটি চিত্র উপস্থাপন করেছি। আমরা মনে করেছি বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক, সেই অভিভাবকের মাধ্যমে দেশের অভিভাবক মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা ও বক্তব্য তুলে ধরার আবেদন করেছি।
 
তিনি এ ব্যাপারে আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই বাফুফেতে একটি স্বচ্ছ ও দেশের ফুটবলকে সঠিকভাবে চালনা করার একটি যোগ্য কমিটি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি ফুটবল খেলোয়াড় ও সংগঠকদের কথা শুনেছি, তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দু-তিন দিনের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো।’