গাজীপুরে লেগুনা চাপায় তরুণ নিহত

গাজীপুরের বাহাদুরপুর এলাকায় লেগুনা চাপায় ফারুক হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত ফারুক ময়মনসিংহের ত্রিশাল থানার সিলমপুর এলাকার সোলেমান হোসেনের ছেলে। ফারুক তার পরিবারের সঙ্গে বাহাদুরপুর এলাকায় নজরুল মল্লিকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ফারুক মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর সড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। ভিমবাজার সিকদার বাড়ির কাছে পৌঁছালে মির্জাপুরগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।