হরিয়ানায় সালাহ উদ্দিনের ঘাড়ে অস্ত্রোপচার

ভারতের হরিয়ানায় একটি হাসপাতালে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের ঘাড়ে অস্ত্রোপচার চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়। 
 
স্পাইনাল কর্ডে সমস্যা ছাড়াও কিডনি জটিলতা, চর্ম ও হৃদরোগে আক্রান্ত বিএনপির এই যুগ্ম মহাসচিব। মেদান্তা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে হানডার তত্ত্বাবধায়নে সকাল ৯টায় তার ঘাড়ে অস্ত্রোপচার শুরু হয়েছে, চলবে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে।
 
ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে গত ১১ মার্চ সালাহ উদ্দিন আহমেদ দিল্লিতে যান। ঢাকা থেকে নিখোঁজ হওয়ার দুই মাস পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের।
 
তারপর আটক হয়ে কিছুদিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।
 
মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল বলে তিনি দাবি করেন। বিডিনিউজ।