ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন ১নং ব্রিজ দেবে পড়েছে বৃহস্পতিবার সকালে। যে কারণে দক্ষিনাঞ্চলে যাতায়াত করা সকল ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে হাই-ওয়ে পুলিশ। ব্রিজটির অপর অংশ দিয়ে সীমিত আকারে যাত্রীবাহী পরিবহন চলাচল করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেইন সরকার জানায়, সকালে ব্রিজটি অধিকাংশ এলাকা জুড়ে দেবে পড়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যাত্রী সাধারণের বিবেচনায় কিছু দূরপাল্লার পরিবহন চলাচলের ব্যবস্থা করছে পুলিশ।
ফরিদপুর সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, ৬০ টনের অধিক মালামাল বহনকারী ট্রাক চলাচলের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়েছে।