সখীপুরে আতিক হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্কুলছাত্র আতিক হাসান (১৪) হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সকাল ১১টা থেকে ওই সড়কের কুতুবপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী সড়কে টায়ার অগ্নিসংযোগ করে তাদের অবরোধ অব্যাহত রেখেছেন।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান,  এ ঘটনায় গ্রেফতার রাসেল ও ওয়াসিমের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, নিখোঁজের চারদিন পর বুধবার পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার দেওপাড়া শালবন থেকে স্কুলছাত্র আতিকের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে কুতুবপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে।