দাবি মেটেনি, ধর্মঘট চালিয়ে যাবে পাটকল শ্রমিকেরা

 
দাবি পূরণ না হওয়ায় ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে খুলনা ও যশোরের আন্দোলনরত পাটকল শ্রমিকরা। তিন দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শেষে দাবি মেনে নেওয়ার জন্য আরো তিন দিন সময় বেঁধে দেয় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেয়।
 
ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, দুপুরে জেলা প্রশাসক ও পাটকল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দুই সপ্তাহের মজুরি দেওয়ার আশ্বাস দিয়ে কাজে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
 
কিন্তু শ্রমিক প্রতিনিধিরা তা না মেনে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন। এ ছাড়া আগামী রোববারের মধ্যে ২০ শতাংশ মহার্ঘ ভাতা ও সব মজুরি পরিশোধ করা না হলে ধর্মঘটের পাশাপাশি লাগাতার সড়ক ও রেলপথ অবরোধ শুরু হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
 
পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, ২০ ভাগ মহার্ঘ ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গত সোমবার থেকে কাজ বন্ধ রেখেছে। পাশাপাশি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করে। বৃহস্পতিবার অবরোধ চলাকালেই দুপুরে শ্রমিক নেতারা প্রশাসন ও পাটকল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন।