তাপবিদ্যুৎ কেন্দ্রের কোটি টাকা মূল্যের তামার তারসহ ট্রাক আটক

 
দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে তামার তারসহ ট্রাক আটক করা হয়েছে। আটককৃত তামার তারের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
 
গত বুধবার রাত সাড়ে ৯টায় তৃতীয় ইউনিটের কাজে ব্যবহারের জন্য আনা তামার তারগুলো চীনা ঠিকাদারী কোম্পানি ড্রাম ট্রাকে নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে নেয়ার সময় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মী ও সেনাবাহিনীর নিরাপত্তা গোয়েন্দা ট্রাকটি আটক করেন।
 
নাম প্রকাশ না করার শর্তে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন তৃতীয় ইউনিটে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি বলেন, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারডিংস কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ শুরুর পর থেকেই বিভিন্ন প্রকার মূল্যবান যন্ত্রপাতি পাচার হয়ে যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের এসব যন্ত্রপাতি কেনাবেচার জন্য স্থানীয়ভাবে একটি সিন্ডিকেটও গড়ে তোলা হয়েছে। চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রধান মি. লিউ এর প্রত্যক্ষ সহযোগিতায় ঐ সিন্ডিকেটের মাধ্যমে নির্মাণাধিন বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান যন্ত্রাংশসহ তামার তার পাচার হয়ে যাচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সক্রিয় তদারকি না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
 
তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রধান হযরত আলী বলেন, চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রাম ট্রাকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ রাতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ সেনাবাহিনীর নিরাপত্তা গোয়েন্দা আলী হোসেন ট্রাকটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বের করার সময় প্রধান ফটকে আটক করা হয়।
 
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী সুরট চন্দ্র ভাদুরী তার মুঠোফোনে তামার তারসহ ট্রাক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। তৃতীয় ইউনিট নির্মাণ কাজের নিয়োজিত চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের ট্রাকসহ তামার তার আটকের বিষয়টি বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাচার ঘটনার সাথে চীনা নিরাপত্তা প্রধান মি. লিউ জড়িত এটি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ উর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। কারণ নির্মাণাধীন তৃতীয় ইউনিটের সাথে তিনি সংশ্লিষ্ট নন।