সিলেটে নাজিমউদ্দিনের বাড়িতে শোকের মাতম

নাজিমউদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট গণজাগরণ মঞ্চ।
 
বৃহস্পতিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, সিপিবি, সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, উদীচী, সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, নাট্যকর্মী ইন্দ্রানী সেন সম্পা, কবি আবিদ ফায়সাল, প্রভাষক প্রণবকান্তি দেব, আব্দুল বাতিন, রাজিব রাসেল, একুশ তাপাদার, ওয়াফি চৌধুরী, সত্যজিৎ চক্রবর্তী, সুমন চৌধুরী, অভি হাসান প্রমুখ।
 
সিলেটের বাড়িতে শোকের মাতম :  এদিকে দুর্বৃত্তদের হাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নাজিমউদ্দিনের মা বারবার মুর্চা যাচ্ছেন। পরিবারের সদস্যসহ স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টোকা ভড়াউট গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নাজিম উদ্দিন আইন বিষয়ে স্নাতকোত্তর ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। গত জানুয়ারিতে তিনি ঢাকায় যান। একটি মেসে থেকে লেখাপড়া করেতেন নাজিম। বুধবার রাতে রাজধানীর সূত্রাপুরে নাজিমউদ্দিনকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে কি কারণে ও কারা তাকে খুন করেছে তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।