যশোরে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক শিশুকে অপহরণের দুদিন পর উদ্ধার করেছে র্যাব। এ সময় ২ অপহরণকারীকে আটক করা হয়।
মঙ্গলবার ঝিকরগাছা থেকে অপহরণের পর বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশু ফয়সাল (৮) ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়ারা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আটককৃত দুজন হলেন- যশোর শহরের বারান্দিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাগর শেখ (৩৫) ও মনিরামপুরের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে মিজানুর রহমান মিন্টু (৩৬)।
র্যাব-৬-এর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, মঙ্গলবার ভোরে ঝিকরগাছার উপজেলার শরণপুর গ্রামে শিশু ফয়সালের নানা বাড়িতে থেকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। পরে তার পিতা মন্টু মিয়ার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার মন্টু মিয়া র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে রূপদিয়া এলাকা থেকে সাগর শেখকে আটক করে। এরপর সাগরের দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে র্যাব অভিযান চালায় মনিরামপুরের মথুরাপুর গ্রামে। এ সময় র্যাব মিন্টুর বাড়ি থেকে শিশু ফয়সালকে উদ্ধার ও মিন্টুকে আটক করে।