১৩ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিশ্বব্যাংক ১৩ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।
 
জানা গেছে, বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেয়া হয়। বেসরকারী খাত উন্নয়ন সহায়তা প্রকল্পের (পিএসডিএসপি) আওতায় বিশ্বব্যাংক এই ঋণ প্রদান করবে। এদিকে, বিশ্বব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশের শহরাঞ্চলে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য ৫ কোটি ডলার ঋণ সহায়তা প্রদানে আরো একটি ঋণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
 
বেসরকারী খাতে দেশি-বিদেশী বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন সহায়তা বিভাগের (ডিএফডিআই) আর্থিক সহায়তায় সরকার ২০১১ সালের জানুয়ারি মাসে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় একটি প্রকল্প চালু করে।
 
বিশ্বব্যাংকের ঋণ সহায়তার অর্থ শেরপুর, মংলা ও মিরেরসরাইয়ে নতুন অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ ও সংশ্লিষ্ট উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
 
প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। খবর- বাসস।