দেশে নির্মিত তিনটি ড্রেজার পানি সম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর

চট্টগ্রামে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃক ২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি ২৬ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার পানি সম্পদ মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে। এ তিনটি ড্রেজারের সাথে রয়েছে ব্যাক আপ সুবিধা সম্বলিত ইকুইপমেন্ট। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সদরঘাট এলাকায় ড্রেজার হস্তান্তর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিশ্বমানের ২৬ ইঞ্চি ড্রেজার নির্মাণে দেশীয় এই প্রতিষ্ঠানটি বিরাট সাফল্য দেখিয়েছে। দেশ বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। নতুন এ তিনটি ড্রেজার সংযোজনের মাধ্যমে বছরে আরো ৭২ লক্ষ ঘনমিটার মাটি ড্রেজিং করার সক্ষমতা বৃদ্ধি পেল। আগামী কিছু দিন পরে আরো ৪টি ড্রেজার সংযোজনের মাধ্যমে দেশে বছরে ২ কোটি ২০ লক্ষ ঘনমিটার মাটি খননের ক্ষমতা অর্জিত হবে। দেশে আরো ৩০/৪০টি ড্রেজারের প্রয়োজন রয়েছে। সরকার আরো ড্রেজার সংগ্রহের মাধ্যমে দেশের অভ্যন্তরে নদী-নালা, খাল-বিলে পানির স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে চায়। কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানি সম্পদ সচিব ড. জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাসুদ আহমদ প্রমুখ।

 
অনুষ্ঠানে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃক এ পর্যন্ত নির্মিত ১৮টি ড্রেজার বিভিন্ন প্রতিষ্ঠানে সুচারুভাবে চলায় সংস্থাটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বলা হয়- কর্ণফুলী শিপ বিল্ডার্স এ পর্যন্ত টাগবোট, সী ট্রাক, মুরিং বোট, ফিশিং ট্রলার, ওয়েল ট্যাংকার, পানি সরবরাহ জাহাজ, যাত্রীবাহী জাহাজ, ল্যান্ডিং জাহাজ, প্রমোদ তরী এবং ড্রেজারসহ ২০০টি জলযান নির্মাণ করেছে। এছাড়া প্রায় ৭০০টি জাহাজসহ অন্যান্য নৌযান মেরামত করেছে।