ঝিনাইদহে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আকামত মীর নামে এক কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
 
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ছয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ছয়াল গ্রামের আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি, রামদা, লাঠি-সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
 
আহতদের মধ্যে আকামত মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।