অবৈধ বোলিং অ্যাকশনের বহিষ্কারাদেশ থেকে মুক্তি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারিন। আইপিএল’র নবম আসরকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করে ছাড়পত্র দিয়েছে। বহিষ্কারাদেশের কারণে নারিন টোয়েন্টি ২০ বিশ্বকাপে ক্যারিবীয়দের হয়ে মাঠে নামতে পারেননি।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠার পরে গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক অঙ্গনের বাইরে রয়েছেন ২৭ বছর বয়সী এই ত্রিনিদাদিয়ান। এর আগে ২০১৪ সালের চ্যাম্পিয়নস লীগ টি২০ টুর্নামেন্টে প্রথমবারের মতো তার বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এ সম্পর্কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক টুইটার বার্তায় জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার সুনীল নারিনকে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি দেয়া হলো।
এই অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল যে কারণে তিনি টোয়েন্টি ২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন না। পুনরায় পরীক্ষার পরে দেখা গেছে, বোলিংয়ের সময় নারিনের কনুই ১৫ ডিগ্রীর মধ্যে রয়েছে। ভবিষ্যতে কোনো আম্পায়ার যদি মনে করেন নারিনের বোলিং অ্যাকশন অবৈধ তবে আবারো তার বিরুদ্ধে রিপোর্ট করা যাবে।
গত ২৮ মার্চ চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে নারিনের বোলিং এ্যাকশনের পুনরায় পরীক্ষা নেয়া হয়। এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে নারিন ৬টি টেস্টে ২১ উইকেট নিয়েছেন। এছাড়া ৫৫টি ওয়ানডেতে ৭৭টি উইকেট সংগ্রহ করেছেন। টি২০তে তার উইকেটসংখ্যা ৪০।
-বাসস