ওয়ার্ল্ড টি-টোয়েন্টি শেষে কিছুদিনের ছুটি কাটিয়ে আবারো ভারত গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা পৌঁছেই পর দিন নেমে পরলেন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে।
তাকে পেয়ে খুশি দলের মালিক বলিউড তারকা শাহরুখ খান। সাকিবসহ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সব ক্রিকেটারকে স্বাগত জানিয়েছেন তিনি। কলকাতায় যারাই এসেছে খেলতে তাদেরকে স্বাগত বার্তা জানিয়েছেন শাহরুখ খান। সুদূর কানাডার রকি মাউন্টেন অভিযান শেষ করে যিনি গম্ভীরদের মানসিকভাবে চাঙ্গা করতে তাদের শিবিরে যোগ দিতে আসছেন, সেই পেশাদার এক্সপ্লোরার মাইক হর্ন তার ‘নিজের পরিবারে’ ফিরে আসার খবর টুইট করতেই শাহরুখের জবাব, ‘ওয়েলকাম হোম মাই ফ্রেন্ড।’
মঙ্গলবার রাতেই কলকাতা পৌঁছান সাকিব। বুধবার বিকেলে কেকেআরের অনুশীলনে যোগ দেন তিনি। এর আগে হোটেলে টিম মিটিং করেন নতুন কোচ জ্যাক ক্যালিসের অধীনে। সহকারী কোচ হিসেবে ছিলেন সাইমন ক্যাটিচও।