আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ অপশক্তির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে। প্রতিহিংসার রাজনীতি করলে এ অল্প সময়ে দেশ এত উন্নত হতনা। শুক্রবার জেলার বিরল উপজেলায় কয়েকটি গ্রামে বিদ্যুত সংযোগ উদ্বোধন করে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, দেশে রাজনৈতিক দল দু’টি। একটি আওয়ামী লীগ অপরটি আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী একটি ক্লাবের নাম বিএনপি। যারা স্বাধীনতার মহান নায়ক, শহীদদের নিয়ে কটুক্তি করে মুক্তিযুদ্ধ ও এর আদর্শকে অস্বীকার করতে চায়। আর আওয়ামী লীগের আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
তিনি বলেন, খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ, আগামী জুলাই থেকে ১০ টাকা দরে খোলাবাজারে চাল বিক্রি হবে। দেশের অবকাঠামো, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খালিদ। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।