বিদেশি অপপ্রচার রুখে দিন: তথ্যমন্ত্রী

 
দেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র চর্চা ও জঙ্গি দমনে সাফল্যের বিরুদ্ধে বিদেশি অপপ্রচার রুখে দিতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘এ মুহূর্তে দৈনিক থেকে বাত্সরিক পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২ হাজার ৮০০ পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। টেলিভিশন, এফএম রেডিও, কমিউনিটি রেডিও, অনলাইন সবই স্বাধীনভাবে বেসরকারি খাতে পরিচালিত ও বিকশিত হচ্ছে। কোনো অভিযোগও আসেনি। এরপরও বিদেশি কোনো সংস্থা যদি লেখে বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে, তা অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যনির্ভর নয়।’
 
ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডিআরইউ সভাপতি শফিকুল ইসলাম সাবু, জ্যেষ্ঠ সাংবাদিক কাশেম হুমায়ূন, প্রয়াত আজিজুল হকের জ্যেষ্ঠপুত্র তানভীর আজিজ প্রমুখ।
 

হাসানুল হক ইনু এ সময় দেশের গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘গণতন্ত্র কোনো কাঁচপাত্র নয়। দু’একটি বিচ্ছিন্ন সংবাদ বিভ্রাটে যেমন গণমাধ্যম ভেঙে পড়ে না, তেমনি দু’একটি বিচ্ছিন্ন সন্ত্রাস-হত্যাকাণ্ড বা ৯৩ দিনের আগুন সন্ত্রাস কিংবা রেলের ফিশপ্লেট খুললেই গণতন্ত্রও ভেঙে পড়ে না।’