রাজধানীর ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান শামীম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মনিপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
তেজগাঁও থানার এএসআই ইমাম জানান, অনুষ্ঠান শেষে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহিম (৩০) এবং শামীম দুজনেই আহত হন।
আহত অবস্থায় দুজনকেই প্রথমে ফার্মগেটের আল-রাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শামীমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।