বিশ্ব বাজারে হুয়াওয়ের দুই ফ্ল্যাগশিপ ফোন

জিআর৫ ও মেইট৮ স্মার্টফোন এনে বিপুল সাড়া জাগায় হুয়াওয়ে। এবার বিশ্ব বাজারের জন্য পি সিরিজের নতুন স্মার্টফোন পি৯ ও পি৯ প্লাস উন্মোচন করেছে চীনা এই প্রতিষ্ঠান। হলিউডের জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিলসহ বিশ্বের বিখ্যাত ফটোগ্রাফার ও চিত্র নির্মাতাদের উপস্থিতিতে লন্ডনের বেটারসি ইভল্যুশনে উন্মোচন করা হয় ডিভাইস দুটি।
 
বিখ্যাত ফটোগ্রাফার ম্যারি ম্যাক্কার্টনি এবং ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফটোগ্রাফার ডেভিট গাটেনফিল্ডার এর উপস্থাপনায় পি৯-এর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেত্রী স্কারলেট জনসন ও অভিনেতা হেনরি ক্যাভিল।
 
স্মার্টফোন দুটির বিশেষত্ব এই যে, পেছনে দুইটি করে বিশ্বের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লেইকার ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
 
পি৯ স্মার্টফোনটি পাওয়া যাবে সিরামিক হোয়াইট, মিস্টিক সিলভার, হেজ গোল্ডসহ বেশ কয়েকটি রঙে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৬৩০ ডলার।
 
পি৯ প্লাস স্মার্টফোনটিও সিরামিক হোয়াইট, রোজ গোল্ডসহ কয়েকটি রঙে পাওয়া যাবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৭০ ডলার।
 
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত পি৯ স্মার্টফোনে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.২ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এতে আরও রয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৫৫ এর অক্টাকোর প্রসেসর।
 
এটি ৩ জিবি ও ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ও ৬৪ ইন্টারনাল মেমরি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। দুটি ডিভাইসের মেমরিই মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী পি৯ ফোনটির রিয়ারে আছে এলইডি ফ্লাশের ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। আর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
 
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফোনে আরও আছে ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি।
 
হুয়াওয়ে পি৯ প্লাস স্মার্টফোনে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে রয়েছে।
 
এই ফোনেও কিরিন ৯৫৫ এর অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হাইব্রিড ডুয়েল সিমের এই ফোনে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ডাবল রিয়ার ক্যামেরার এই ফোনেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের ব্যাটারি।
 
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ৩৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 
স্মার্টফোন দুটি নিয়ে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, ‘মানুষ নিজ সংস্কৃতি, পরিবেশ ও তার চারপাশ থেকে যে সৃষ্টিশীল অভিজ্ঞতা অর্জন করে সে অনুযায়ী তাদের চাহিদা তৈরি হয়, প্রযুক্তিতের ক্ষেত্রে আমরা সেই চাহিদা পূরণের চেষ্টাটাই করে থাকি। পি৯-এর ক্ষেত্রে আমরা লেইকার সঙ্গে মিলে চেষ্টা করেছি ক্যামেরায় সেরা কিছু ফিচার যুক্ত করার, যা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিলো। আর এ কারণেই আমরা পি৯-কে গেইম চেঞ্জার-এ আখ্যায়িত করেছি।’
 
লেইকা ক্যামেরা এজি’র প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ক্যাটনার বলেন, ‘ক্যামেরা ফটোগ্রাফি দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। নিত্য-নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে শুধুমাত্র ক্যামেরা ফিচারে। এরই ধারাবাহিকতায় আমরা হুয়াওয়ের সঙ্গে মিলে সৃষ্টিশীল প্রযুক্তি যুক্ত করেছি পি৯ মডেলের হ্যান্ডসেট দুটিতে।’
 
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত পরিচালক ব্রেইলি ওয়ালসের পরিচালনায় হুয়াওয়ে পি৯-এর বিজ্ঞাপনে অভিনয় করবেন হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল ও টনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত অভিনেত্রী স্কারলেট জনসন।
 
অভিনেতা হেনরি ক্যাভিল বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের প্রতি আমার আসক্তি অনেক। হুয়াওয়ে ও লেইকা মিলে ডুয়েল লেন্সের ক্যামেরাটি আসলেই অসাধারণ। হুয়াওয়ে এবং লাইকার মতো দুটি জনপ্রিয় ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। স্মার্টফোন ক্যামেরায় এত উন্নত প্রযুক্তি ব্যবহার করা যে সম্ভব তা পি৯ ব্যবহার করেই বুঝতে পারলাম।’
 
স্কারলেট জনসন বলেন, ‘দি আর্ট অব ফটোগ্রাফি’র ব্যাপারে আমি অনেক বেশি আগ্রহী। দৃষ্টিনন্দন একটি ডিভাইস তৈরিতে হুয়াওয়ে এবং লেইকা একসঙ্গে কাজ করেছে, যা আসলেই একটি যুগান্তকারী উদ্যোগ।’
 
পি৯ এবং পি৯ প্লাসের পাশাপাশি পরিধানযোগ্য টকব্যান্ড বি৩ উন্মোচন করেছে হুয়াওয়ে। প্রিমিয়াম উপাদান স্টেইনলেস স্টিল ও থ্রিডি কার্ভড গরিলা গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে হুয়াওয়ে টকব্যান্ড বি৩।
 
ব্লুটুথ ৪.১-এর মাধ্যমে মোবাইলের সঙ্গে যুক্ত করে অনেক কাজ অনায়াসে করা যায়। যেমন- মোবাইলের সঙ্গে সিঙ্ক, হেলথ ট্র্যাক, ডুয়েল মাইক্রোফোনের কথা বলাসহ আরো অনেক কিছু।
 
অ্যাকটিভ নয়েজ রিডাকশন বা কথা বলা ও শোনার সময় বাইরের অনাকাঙ্খিত শব্দ যথাসম্ভব কমিয়ে রাখার উন্নত প্রযুক্তি রয়েছে টকব্যান্ড বি৩’তে। এতে আরও আছে পিএমওএলইডি ডিসপ্লে, ৯১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা দিয়ে ১.৫ ঘন্টার চার্জে টানা ছয় ঘন্টা কথা বলা যাবে।