প্রথমে দুই সাংবাদিকের বোধোদয়ের জন্য 'থাপ্পড়' মারার হুমকি দিয়েছিলেন পর্তুগালের সংস্কৃতিমন্ত্রী জোয়াও সোয়ারেস। কিন্তু শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ভৎসনা শুনে পদত্যাগে বাধ্য হন তিনি। বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে সোয়ারেস লেখেন, দুই কলাম লেখককে ‘তাদের মঙ্গলের জন্য থাপ্পড় মারতে’ খুঁজছি।
মন্ত্রীর এই ফেইসবুক পোস্টকে আক্রমণ করে জনসাধারণ, বিরোধী রাজনীতিবিদ ও সাংবাদিকদের কাছ থেকে শত শত সমালোচনামূলক প্রতিক্রিয়া আসে। প্রাথমিক পর্যায়ে আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা লেখার চেষ্টা করেন এই রাজনীতিবীদ। কিন্তু তারপর এই ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান তিনি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা তাকে ভৎসনা করলে পদত্যাগ করেন ৬৬ বছর বয়সী সংস্কৃতিমন্ত্রী।
পদত্যাগের পর এক বিবৃতিতে তিনি বলেছেন, তিনি তার মতামত প্রকাশ করার অধিকার বিসর্জন দেবেন না। তিনি আরো বলেন, নভেম্বরে পর্তুগালের ক্ষমতা গ্রহণ করা মধ্য-বামপন্থি সমাজতান্ত্রিক সরকারকে তিনি কোনো সমস্যায় ফেলতে চান না। পরিশেষে নিজেকে ‘শান্তিপ্রিয়’ মানুষ হিসেবে দাবি করেন তিনি।
পর্তুগালের রাজধানী লিসবনের সাবেক মেয়র সোয়ারেস দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ছেলে। যে কলাম দুটিকে কেন্দ্র করে পর্তুগিজ ভাষায় সোয়ারেস ওই বিতর্কিত মন্তব্যটি করেন, পাবলিকো সংবাদপত্রে প্রকাশিত তার একটিতে সোয়ারেসের বিরুদ্ধে অযোগ্যতা, রূঢ়তা ও স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।