কাউখালীতে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঘন ঘন  লোডশেডিং আর চরম বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে শনিবার সকালে পিরোজপুরের কাউখালী উত্তর বাজার সদর সড়কে মানববন্ধন করে এলাকাবাসী।
 
কাউখালী উন্নয়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যপী  এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া গ্রাহকদের হাতে প্লাকার্ডে ‘নিয়মিত বিদ্যুৎ  দে নইলে হ্যারিকেন ও কেরোসিন দে’ লিখা ছিল।
 
মানববন্ধন চলাকালে উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুর সভাপতিত্বে  উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আবু মো. ফরিদ, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, অটো ইজি বাইক সমিতির লাইন সম্পাদক হাজী মো. সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি বলেন, ‘কয়েকদিন ধরে পিরোজপুরের পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন কাউখালীতে ১০-১৫ মিনিট পর পর বিদ্যুৎ বিভ্রাট ও বিঘ্ন ঘটে। যে কারণে পরীক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া, হাসপাতাল ও বাণিজ্যিক ব্যাংকসহ সকল প্রতিষ্ঠানের কাজে ব্যাঘাত ঘটছে।’
 
বক্তারা অনতিবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য  কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।