বগুড়ার-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের কালিয়ার পুকুর নামক স্থানে শনিবার দুপুরে বগুড়া গামী প্রাইভেট কারের সাথে বিপরীতমুখী একটি রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানের আরোহী শাহিদা (৩৫) নামের এক মহিলা শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন।
জানা গেছে, শাহিদা কালিয়ার পুকুর বাসষ্ট্যান্ড থেকে সামান্য পূর্বে আল ফারুক ব্যাগস মিলে শ্রমিকের কাজ করতেন। শনিবার দুপুরে মিল থেকে রিক্সাভ্যানে চড়ে বাড়িতে খাবার খেতে আসার সময় দুপুর দেড়টার দিকে কালিয়ার পুকুর নামক স্থানে পৌঁছিলে বগুড়া গামী একটি প্রাইভেট কার (ঢাকা,মেট্রো-খ-১১-৪৮৪৩) সামনে থেকে রিক্সাভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের উপর বসে থাকা শাহিদা কারের চাপায় ঘটনাস্থলেই মারা যায়।
একই সময় কারের চালক নিয়ন্ত্রণ হারালে কারটি রাস্তার পাশে জমিতে নেমে যায় এবং চালক পালিয়ে যায়। এ ঘটনায় ভ্যান চালক আব্দুল মান্নান সামান্য আহত হন। নিহত শাহিদা কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় স্কুলপাড়া গ্রামের আব্দুস ছালামের স্ত্রী বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহালু থানায় কোন মামলা হয়নি।কাহালু থানার এস.আই জাকির হোসেন শাহিদার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।