ফুটবলার তৈরির সুতিকাগার হিসেবে পরিচিত পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরামবাগ ২-০ গোলে গাজীপুর সিটি ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। এই জয়ের সঙ্গেই তারা তৃতীয় বিভাগ ফুটবল নিশ্চিত করলো। এছাড়া প্রাইজমানি ছিল একলাখ টাকা।
প্রথমার্ধে তেমন কোনও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি কোনও দলই। ২৩ মিনিটে আরামবাগের ফাহিম গাজীপুর সিটির গোলরক্ষককে একা পেয়েও বল তার হাতে তুলে দেন। ৩৭ মিনিটে গাজীপুর সিটির মেহদী হাসান বা প্রান্ত দিয়ে প্রবেশ করে ছোট বক্সের ওপর থেকে বল বাইরে মারেন।
দ্বিতীয়ার্ধের দুই মিনিটে গোল খরা ভাঙে আরামবাগ। মিডফিল্ডার আরিফের থ্রু পাসে বক্সের মাঝামাঝি থেকে মাটি কামড়ানো শটে গোল করেন অধিনায়ক মিঠু। গোল হজম করার পর মরিয়া হয়ে আক্রমণ চালায় গাজীপুর সিটি। ৫২ মিনিটে মেহদী হাসানের বা পায়ের শট আরামবাগের গোলরক্ষক ইমনকে পরাস্ত করলেও ক্রসপিসে লেগে ফিরে আসে।
খেলার ৭০ মিনিটে জয় নিশ্চিত করেন আরামবাগের উইঙ্গার ফহিম। মাঝমাঠ থেকে রাজীবের থ্রু পাস নিয়ে মিডফিল্ডার আরিফ ভেদ করেন গাজীপুর একাডেমি ডিফেন্স। মাপা স্কয়ার পাস দেন ফাহিমকে। ছোট বক্সের ওপর থেকে ঠান্ডা মাথায় ফাহিম বল জালে জড়ান।
খেলার শেষ দিকে আবারও গোলপোস্ট বাঁধা হয়ে দাঁড়ায় গাজীপুরের সামনে। এবার মেহদী হাসানের ক্রসে অধিনায়ক সুজনের হেড সাইড পোস্টে লাগলে আবারও হতাশায় ডুবে গাজীপুর।