সুপ্রিমকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি করে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বিরোধী লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকাবাসীর উদ্দেশে দেয়া বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বলেন, ‘আমরাও উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু তা হতে হবে পরিকল্পিত।’
কয়লা বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা এই প্রকল্প বাস্তবায়ন করছে, পরিবেশ ছাড়পত্রসহ তাদের কাছে থাকা যুক্তি প্রকল্পের স্বপক্ষে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘গুলি করে পাখি শিকার করা যেখানে নিষিদ্ধ, সেখানে বাঁশখালীতে পুলিশ গুলি করে চারজনকে হত্যা করেছে, অনেককে পঙ্গু করেছে। আমরা এ জঘন্যতম হত্যাকাণ্ডের নিন্দা জানাই।’