ভারতের কেরালা অঙ্গরাজ্যের প্রাভুরের পুটিঙ্গাল মন্দিরে আগুন লেগে কমপক্ষে ১০০ জন মারা গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুই শতাধিক।
স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ড শুরু হয়। বাংলাদেশের মতো কেরালার মানুষও আগামী বৃহস্পতিবার বর্ষবরণের উৎসব করবে। মালায়ালাম পঞ্জিকা অনুযায়ী, মেদাম মাসের প্রথম দিন এই উৎসব হয়, যার নাম বিশু। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মানুষ এই উৎসবে অংশ নেন। আর কেরালায় বিশু উৎসবে অন্যতম অনুষঙ্গ হলো আলোকসজ্জা ও আতশবাজির প্রদর্শনী। অগ্নিকাণ্ডে মন্দির কমপ্লেক্সের একটি ভবন ধ্বসে পড়ার ফলেই বেশীরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের ফলে এক কিলোমিটার দূরবর্তী ভবনগুলোও কেঁপে কেঁপে উঠেছে। কেরালার স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা বলেছেন, এই মন্দিরে প্রতি বছরই বার্ষিক আতশবাজি উৎসব হয়। আমরা আটকে পড়া মানুষজনকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
কেরালার বিধান সভা নির্বাচনের আগে আগে এই ঘটনার পর ভোটের প্রচার স্থগিত রেখে ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন চ্যান্ডি। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীও কেরালায় যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসি ও এনডিটিভি।