দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

 
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে এক রডের দোকানে প্লাস্টার করার সময় দেয়াল ধসে আক্তার হোসেন (৪৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
তার সহকর্মী মহসিন আলী বলেন, 'শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আক্তার হোসেন দয়াগঞ্জ মোড়ে একটি রডের দোকানে প্লাস্টার করার সময় দেয়াল ধসে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।'
 
মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।