নগর সংস্কৃতি

মোহনীয় উপস্থাপনায় বৈশাখী পোশাক

আলোর রোশনাইয়ে বৈশাখী কালেকশনকে বর্ণিল উপস্থাপনায় তুলে ধরলেন র্যাম্প মডেলরা। বৈচিত্র্যময় ডিজাইন তুলে ধরলেন ডিজাইনাররা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজার ছোট্ট পরিসরে হলেও জমজমাট শো উপহার দিলেন মডেলরা।
 
শনিবার এ ফ্যাশন শো’র আয়োজন করে ফ্যাশন এন্ট্রারপ্রেনার্স্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইবি)। ‘ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন শো’ শিরোনামে এ শোয়ে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশের ফ্যাশনশিল্প নিয়ে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা আফজাল হোসেন। সভাপতিত্ব করেন এফইবি’র সভাপতি আজহারুল হক আজাদ। সঙ্গীত পরিবেশন করে জলের গান।
 
ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে অংশ নেয় দেশের শীর্ষ র্যাম্প মডেলরা। তারা অঞ্জন’স, দেশাল, নিপুণ, এবি ফ্যাশন মেকার, এম ক্রাফট, বিবিয়ানা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, সাদাকালো, টাঙ্গাইল শাড়ী কুটির, মিয়াবিবিসহ ১২টি শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজের বৈশাখী পোশাক উপস্থাপন করা হয়।
 
বাংলা, ত্রিপুরা ও চাকমা ভাষার গান
 
ভারতীয় হাই কমিশনের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার- আইজিসিতে গতকাল হয়ে গেলো ভিন্নধর্মী এক গানের সন্ধ্যা। শিল্পী অনামিকা চাকমা বাংলা গানের পাশাপাশি গাইলেন চাকমা ও ত্রিপুরার ভাষার গান। প্রায় দেড় ঘণ্টার এ আয়োজনে তিনি পরিবেশন করেন ১৬টি গান।
 
কাকলির রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম
 
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল সন্ধ্যায় কানাডা প্রবাসী রবীন্দ্রসঙ্গীতশিল্পী নাহিদ কবির কাকলির ‘প্রভু, তোমা লাগি আঁখি জাগে’ অ্যালবাম প্রকাশিত হয়েছে।
 
‘ফাদার অব দ্য নেশন অব বাংলাদেশ’
 
সুফিয়া কামাল কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেডের আয়োজনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ‘ফাদার অব দ্য নেশন অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, শিশু-কিশোর প্রতিযোগিতা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। সংগঠনের সভাপতি অভি চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাংসদ রাশেক রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।