পেরুতে গেরিলা হামলায় নিহত ৩

পেরুর মধ্যাঞ্চলীয় জঙ্গলে গেরিলাদের হামলায় দুই সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক দিন আগে শনিবার এই হামলা চালানো হল। 
 
এই ঘটনায় আরো ৬ সৈন্য আহত হয়েছে। হামলার জন্য কমিউনিস্ট গেরিলা গোষ্ঠী শাইনিং পাথকে দায়ী করা হচ্ছে। ১৯৯০ এর দশকে গোষ্ঠীটি অনেকাংশেই নির্মূল করা হয়েছিল। তবে এখনো এর বেশ কিছু সদস্য জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেনাবাহিনীর জেনারেল ফার্নান্ডো অ্যাকোস্টা বলেন, পেরুর জুনিন অঞ্চলের ভোটকেন্দ্রে পাহারা দিতে যাওয়ার সময় গেরিলাদের হামলায় দুই সৈন্য ও গাড়ির এক চালক নিহত হয়েছে।
 
গেরিলারা হ্যাটুন অ্যাশা এলাকায় সৈন্যদের গাড়ির ওপর হামলা চালায়। এটি একটি গভীর বনাঞ্চল। কোকো উৎপাদনকারী এলাকাটিতে গেরিলাদের ঘাঁটি রয়েছে। ন্যাশনাল ইলেক্টোরাল প্রসেস অফিসের প্রধান মারিয়ান চুচো বলেন, ‘এই হামলা নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবে না।
 
উল্লেখ্য, সংস্থাটি নির্বাচনের আয়োজন করছে। রোববার পেরুতে নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস সদস্যদের নির্বাচন করতে প্রায় ২ কোটি ৩০ লাখ ভোটার ভোট দেবে। এএফপি।