রাজধানীতে পৃথক ঘটনায় পাঁচজনের অপমৃত্যু হয়েছে।পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, লাশগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন- হুমায়ুন কবির (২৬), মোজ্জামেল হক (৫৫), আশিক ইবনে মাহমুদ (৩৬), তানজিলা খাতুন (১৮) ও অজ্ঞাত এক নারী।
মিরপুর থানার ওসি আহসান হাবিব জানান, মিরপুর মনিপুরের মোল্লা পাড়া থেকে হুমায়ুন কবিরের ঝুলন্ত লাশ করেছে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে রামপুরা বনশ্রী থেকে কেয়ারটেকার মোজ্জামেল হকের ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি কামরুল ইসলাম। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার ওসি মাহবুব আলী জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তানজিলা খাতুন নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে রূপনগর থানাধীন থেকে আশিক ইবনে মাহমুদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি লিবিয়া প্রবাসী ছিলেন। লিবিয়া যেতে না পেরে হতাশায় তিনি আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার ওসি গোলাম মাওলা।
ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর এলাকায় বাউল বাসস্টেশন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মেহিদী হাসান।