বগুড়ায় বিএনপির ৬শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে।
 
মামলায় রাশেম্বরপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডলকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতাকর্মী ও সমর্থক বলে জানা গেছে। 
 
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
 
পুলিশের কাজে বাধা দেয়া, পুলিশকে মারপিট ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আটক ৫ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
 
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।   
 
এর আগে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কনস্টেবলসহ উভয়পক্ষের ১২জন আহত হন।এ সময় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।